দেশে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা জনসাধারণকে মেনে চলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে ঢাকা জেলা প্রশাসন। পাশপাশি গরিব ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তাও অব্যাহত রাখা হচ্ছে।
শনিবার (১৬ মে) সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীর কাওরানবাজার, ধানমণ্ডি, মিরপুর, মোম্মাহাদপুর, ফার্মগেট, রমনা, লালবাগ, কোতোয়ালী, যাত্রাবাড়ীসহ ঢাকা জেলার সকল উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা পালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে হয়নি কোন দুর্নীতি
এসময়, সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করার জন্য ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় এবং ঢাকা জেলার অন্তর্গত উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৪টি মামলা এবং ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা জেলা পুলিশ এই মোবাইল কোর্ট পরিচালনায় বিশেষভাবে সহায়তা করেছে।
এছাড়াও সরাসরি ৩৩৩ নম্বরে ফোন করে ও মেসেজে প্রাপ্ত অনুরোধের ভিত্তিতে ঢাকা জেলার দোহার উপজেলার ৪৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে টিসিবির ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ কেন্দ্রগুলোও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করানো হচ্ছে।
ইত্তেফাক/ এমএএম
