ত্রাণের টাকাও মেরে খাচ্ছে সরকারের লোকেরা :রিজভী

আপডেট : ১৭ মে ২০২০, ০০:১৯

সরকারের লোকেরা আড়াই হাজার টাকা থেকে ৫০০ টাকা রেখে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে দেবেন। আড়াই হাজার টাকা থেকে সরকারের লোকেরা ৫০০ টাকা রেখে দিচ্ছে। এটা কি গরিব মানুষের সঙ্গে প্রতারণা নয়?

গতকাল শনিবার রাজধানীর জয়কালী মন্দির কাপ্তান বাজার এলাকায় বিএনপি নেতা হামিদুর রহমান হাবিবের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই সরকার সংকট সমাধান করে না, সংকট সৃষ্টি করে। সংকট সমাধান করলে ত্রাণ লুটপাট হতো না। করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারত না। লকডাউন শিথিল করে সারাদেশে  করোনা ভাইরাস ছড়িয়ে দিতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। প্রতিদিন হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছে।