মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প

আপডেট : ১৭ মে ২০২০, ০০:২৪

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বরখাস্তের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিরুদ্ধে একটি তদন্ত করছিলেন ঐ মহাপরিদর্শক স্টিভ লিনিক। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে লেখা এক চিঠিতে বলেছেন, মহাপরিদর্শক স্টিভ লিনিকের প্রতি আমার আর আস্থা নেই। যদিও তিনি আস্থা হারানোর কারণ জানাননি। প্রেসিডেন্ট ট্রাম্প চিঠিতে লেখেন, আমি প্রেসিডেন্টের ক্ষমতাবলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিদর্শককে সরিয়ে দিচ্ছি। আজ থেকে ৩০ দিন পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্টিভ লিনিকের স্থলে পরিচালক স্টিফেন আকর্ডকে বসানো হবে। প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফায়ার্স কমিটির ডেমোক্র্যাট চেয়ারম্যান এলিয়ট অ্যাঞ্জেল বলেন, আমি জানতে পেরেছি, সম্প্রতি স্টিভ লিনিক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিরুদ্ধে একটি তদন্ত করছিলেন। স্পিকার পেলোসি এই বরখাস্তের সমালোচনা করে বলেন, এই ঘটনা সম্পর্কের ক্ষেত্রে একটা বিপজ্জনক মোড় নিল।