গাংনীতে লিচু বাগান দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৭ মে ২০২০, ১৩:৩৯

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও সাহেবনগর গ্রামের মধ্যবর্তী মাঠে একটি লিচু বাগান দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন। শনিবার (১৬ মে) বিকাল ৫টার দিকে কাজীপুর গ্রামের গোলাম বাজার এলাকার একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাজীপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে ডাবলু হোসেন (৪০) ও সাহেবনগর গ্রামের সেকেন্দারের ছেলে সানাউল্লাহ (৫০)। আহত হয়েছেন ডাবলুর বাবা ওই একই গ্রামের আব্দুল জলিলের ছেলে খবির উদ্দীন (৬০)। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন: লকডাউনে ঘরে বন্দি মানুষ বেড়েছে নারী নির্যাতন

স্থানীয়রা জানায়, কাজীপুর গ্রামের গোলাম বাজার এলাকায় ৩ বিঘা জমির মালিকানা নিয়ে খবির উদ্দীনের সাথে বেশ কয়েক বছর যাবৎ সাহেবনগর গ্রামের সানাউল্লাহসহ তার লোকজনের মামলা চলে আসছে। সম্প্রতি মামলার রায় পেয়েছেন খবির উদ্দীন। এ রায়ের প্রেক্ষিতে খবির ও তার ছেলে ডাবলু লিচু বাগান দখল নেন। শনিবার বিকালে ওই লিচু বাগান পরিচর্যা করতে গেলে প্রতিপক্ষ সেকেন্দার, লাল্টু ও হাবিব মেম্বাররা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। পরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এসময় ঘটনাস্থলেই ডাবলু ও সানাউল্লাহ নিহত হন। আহত হয় ডাবলুর বাবা খবির। স্থানীয়রা  তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

গাংনী থানার থানার ওসি ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসপি (সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ইত্তেফাক/এএএম