কাপ্তাইয়ে হাতির আক্রমণে নারীর মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২০, ১৫:৫১

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে উনু মারমা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। 

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডংনালা এলাকায় এ ঘটনা ঘটে। উনু মারমা ডংনালা গ্রামের মারমা পাড়ার মংথোয়াই মারমার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, ওই নারী সকাল ৭টার দিকে ডংনালা এলাকায় কাঠ কাটতে যান। এ সময় বন্যহাতির পাল তাকে আক্রমণ করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, ওই নারীর আঘাত ছিল গুরুতর। তাই চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।


ইত্তেফাক/ইউবি