করোনা চিকিৎসায় ১৯ দিনে হাসপাতাল তৈরি করেছি: আনোয়ার খান

আপডেট : ১৭ মে ২০২০, ১৭:৪৮

করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য মাত্র ১৯ দিনে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ২০০ বেডের করোনা হাসপাতাল তৈরি করেছি বলে জানিয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন খান এমপি।

শনিবার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত ২০০ বেডের করোনা ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে করোনা আক্রান্তদের জন্য হাসপাতাল তৈরি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনার চিকিৎসার জন্য কি কি সুবিধা পাচ্ছে- এই প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন খান বলেন, করোনার চিকিৎসার জন্য বর্তমান প্রেক্ষাপটে সারাবিশ্বে যেভাবে চিকিৎসা দেয়া হয়, আমরা সেই আয়োজন নিয়েই এই হাসপাতালটি তৈরি করেছি। আর মাত্র ১৯ দিনে এই হাসপাতালটি তৈরি করেছি। আর এখানে আইসিইউ আছে এবং কোয়ারেন্টিনও আছে। করোনা রোগীর যতগুলো টেস্ট দরকার তার সবকিছুই এখানে আছে।

তিনি বলেন, জাতির এই দুর্যোগে  আমরা মানুষের সাথে থাকতে চাই। আমরা মানুষের সাথে কাজ করতে চাই। আর আমরা করোনাভাইরাসকে জয় করতে চাই। আর রোগীদের সেবা দিয়ে আমরা এই সফলতা পেতে চাই। সুতরাং সেবার মধ্যে দিয়ে আমরা করোনাভাইরাসকে প্রতিহত করবো এবং জয় করবো।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান বলেন, এখানে উন্নত চিকিৎসা হবে। এখানে সকল শ্রেণির চিকিৎসক আছেন। আর এখানে তিন বেলায় খাবারও আলাদা জায়গা থেকে তৈরি করে দেয়া হবে।

চিকিৎসার ব্যয়টা কেমন হবে- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন খান বলেন, আমরা প্রধানমন্ত্রীর সৌজন্য প্রাথমিক অবস্থায় আমরা কোন খরচ নেবো না। মন্ত্রণালয় আর আমরা যৌথ উদ্যোগে এটা করেছি। সুতরাং এখানে প্রাথমিকভাবে আমরা খরচের চিন্তা করতে চাচ্ছি না। সরকারি হাসপাতাল যেভাবে চিকিৎসা দিয়ে থাকে, ঠিক সেভাবেই এই হাসাপাতালও প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন। যাতে আমরা এটা থেকে কোন পয়সা না নেই। আর আমরাও পয়সার জন্য এই হাসপাতাল করি নাই। আমরা জীবন বাঁচাতে এবং মানবিক কর্মী হিসেবে মানুষের পাশে থাকতে  চাই।

ইত্তেফাক/বিএএফ