আমরা বিনাপয়সায় বিশ্ব সাহায্য সংস্থার সহযোগিতা গ্রহণ করিনা: মতিয়া চৌধুরী

আপডেট : ১৭ মে ২০২০, ১৭:৩৭

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমরা বিনাপয়সায় বিশ্ব সাহায্য সংস্থার সহযোগিতা গ্রহণ করিনা। আমরা ওদের চাঁদা দেই। এইভাবে একটা ভাইরাস আবিস্কার হলো, আর এটাকে তিন বছর ল্যাবরেটরিতে ফেলে রাখলো, এটা ঠিক হয়নি। এটাকে আমরা সমর্থন করতে পারিনা। 

মতিয়া চৌধুরী রবিবার সকালে তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ীতে দুস্থদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রেশন বন্ধ করে জনপ্রতিনিধিদের গায়ে চোরের তকমা লাগিয়ে দিয়েছেন জিয়াউর রহমান। সে জায়গা থেকে শেখ হাসিনা আজকে দেশটাকে টেনে তুলেছেন। আজকে আবার রেশন কার্ডের কথা আসছে। রেশন বন্ধ করে জিয়াউর রহমান টিআর-কাবিখা চালু করেছেন। যা পরবর্তীতে টেস্টি রিলিফ বা মজার খাওয়া এবং কাবিখা মানে খাবিখা, খাবলা দিয়ে খা’তে রূপান্তরিত হয়েছে।

আরও পড়ুন: কবরে কলাগাছ পুঁতে ভরাট, লাশের সামনে পেটানো হলো শবযাত্রীদের

এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নের ৩২০ জন দুস্থের মধ্যে ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে নগদ দুইশ করে মোট ৬৪ হাজার টাকা এবং পাশের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক হাজার ছয়শ জনের মধ্যে দুইশ করে মোট তিন লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন।

এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, ফজলুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, ওয়াজ কুরুণী, ফারুক আহমেদ বকুল, গোপাল চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসি