বরিশালের পুরোহিত, পূজারী মন্দির সহযোগী ও শিক্ষকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। নগরীর শ্রী শ্রী হরি ঠাকুর মন্দিরে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের অর্থায়নে রবিবার এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে নগরীর এর বিভিন্ন মন্দিরের ৮৪ জন ব্রাহ্মণ পুরোহিত, ৩১ জন পূজারী মন্দির সহযোগী ও ১২ জন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষকসহ মোট ১২৭ জনের পরিবারের এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেকজনকে ২৫ কেজি চাল, তিন কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি আলু, এক কেজি লবণ ও একটি সাবান উপহার প্রদান করা হয়।
এসময় খাদ্যসহায়তা কার্যক্রমের উদ্যোক্তা আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, মানবিক দিক বিবেচনা করেই আমার এই উদ্যোগ। এই কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায় শ্রমজীবী মানুষ অভুক্ত থাকবেনা। এসময় মহামারী করোনা ভাইরাস থেকে বৈশ্বিক মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষুক ভবঘুরেদের তালিকায় ইউকে ইউএস প্রবাসীসহ কাউন্সিলরের পরিবার
বিতরনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অমৃত এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক বিজয় কৃষ্ণ দে, মৃনাল কান্তি সাহা, ভানুরঞ্জন দে, সুরঞ্জিত দত্ত লিটু, সাংবাদিক গোপাল সরদার, সম্ভু নাথ সাহা প্রমুখ।
ইত্তেফাক/এসি
