স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটাররা। এই মানবিক উদ্যোগে অনন্য নাম রুবেল হোসেন। জাতীয় দলের এই পেসার করোনাকালের শুরু থেকেই নানা উদ্যোগ নিয়ে দুস্থদের পাশে থেকেছেন।
কদিন পরেই মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব ঈদ-উল-ফিতর। করোনার দুঃসময়ে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে ‘ঈদ উপহার’ নিয়ে হাজির হয়েছেন রুবেল। ইতিমধ্যে বাগেরহাটের ৩০০ করোনা দুর্গত পরিবারের মাঝে পৌঁছে গেছে ডানহাতি এই পেসারের উপহার।
নিজের ফেসবুকে এক বিবৃতিতে রুবেল জানিয়েছেন, ‘করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারো। এর মাঝে আমাদের প্রিয় উত্সব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদ্যাপন করি এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরিব, দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরো কঠিন। করোনার কালো অধ্যায়ে তাই সিদ্ধান্ত নিলাম, আমি আমার বাগেরহাটে ৩০০টা দুস্থ মানুষদের ঈদের দিনটা রঙিন করতে ঈদ উপহার দিব। আমার বিশ্বাস অনেক বিত্তশালীরা সমাজের দুস্থ মানুষদের জন্য ঈদের দিনটা রাঙাতে চাইবেন।’
