মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে সিরাজগঞ্জে উত্পাদিত তাঁত পণ্য বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছে মালিকরা। তাঁত মালিক সূত্রে জানা গেছে, জেলা জুড়ে প্রায় দেড় লক্ষাধিক তাঁত কারখানা রয়েছে, আর এই শিল্পে কর্মরত রয়েছে প্রায় ৩ লাখ নারী-পুরুষ শ্রমিক। তাঁরা জানান, প্রতি বছর বাংলা নববর্ষ, দুই ঈদকে সামনে রেখে শুরু হয় তাঁত পণ্য বিক্রির মৌসুম। সারা বছরের উত্পাদিত তাঁত পণ্য এই সময়েই বিক্রি হয়ে থাকে । আর এই অর্থ দিয়ে সারা বছর চলে। কিন্তু এ বছর করোনার কারণে উপাদিত পণ্য বিক্রি করতে না পেরে মালিকগণ আর্থিক সংকটে পড়েছেন।
জেলার বেলকুচি উপজেলার তাঁত মালিক সন্তোষ কুমার, আবু সামা ইত্তেফাককে জানান, তারা তাঁত পণ্য উত্পাদন করে নববর্ষ, ঈদে বিক্রি করে সারা বছর চলেন। কিন্তু এ বছর বিক্রি করতে না পেরে তারা বিপাকে পড়েছেন। এ ব্যাপারে জেলা তাঁত মালিক সমিতির নেতা বৈদ্যনাথ রায় বলেন, আমরা ১২মে আমাদের সভাপতি হাজি এম এ বাকি, হাজি বদিউজ্জামান, হাজি আব্দুল বাতেন জেলার তাঁত শিল্পের সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত্ করি এবং আমাদের সমস্যা তাকে অবহিত করেছি ও সাহায্যের আবেদন দিয়েছি। তিনি আমাদের জানিয়েছেন ইতিমধ্যেই জেলার তাঁত শিল্পে সহযোগিতার জন্য আবেদন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
