বরিশালে পুরোহিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৫

বরিশাল অফিস

বরিশালের পুরোহিত, পূজারী মন্দির সহযোগী ও শিক্ষকদের মধ্যে রবিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর শ্রী শ্রী হরি ঠাকুর মন্দিরে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বরিশাল মহানগর ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে নগরীর বিভিন্ন মন্দিরের ৮৪ জন ব্রাহ্মণ পুরোহিত, ৩১ জন পূজারী মন্দির সহযোগী ও ১২ জন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষকসহ মোট ১২৭ জনের পরিবারের জন্য প্রত্যেককে ২৫ কেজি চাল, তিন কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি আলু, এক কেজি লবণ ও একটি লাইফবয় সাবান উপহার প্রদান করা হয়। এ সময় খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্যোক্তা আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, মানবিক দিক বিবেচনা করেই আমার এই উদ্যোগ। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মহামারি করোনা ভাইরাস থেকে বৈশ্বিক মুক্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অমৃত অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক বিজয় কৃষ্ণ দে, মৃনাল কান্তি সাহা, ভানুরঞ্জন দে, সুরঞ্জিত দত্ত লিটু, সাংবাদিক গোপাল সরদার, সম্ভুনাথ সাহা প্রমুখ।