কক্সবাজারে দোকান শপিংমল আবারও বন্ধের নির্দেশ

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৫

কক্সবাজার প্রতিনিধি

পর্যটন নগরী কক্সবাজারে করোনার প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মার্কেটমুখী মানুষের স্রোত। এতে সংক্রমণ আরো বাড়ার আশঙ্কায় করোনার লাগাম টানতে কক্সবাজার জেলার সকল ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে আবারও সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিকাল ৪টার পর সকল ধরনের পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে। সোমবার বিকাল ৪টা থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানিয়ে রবিবার বিকালে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট ও শপিংমল শর্তসাপেক্ষে চালুর সিদ্ধান্ত গৃহীত হলেও গত পাঁচ দিন মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও শপিংমলসমূহে মানুষের উপচেপড়া ভীড়, স্বাস্থ্যবিধি মেনে চলতে অসচেতনতা এবং আগত ক্রেতা-বিক্রেতাগণ কর্তৃক সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শনের কারণে বর্ণিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। এমতাবস্থায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জেলা সদরসহ সকল উপজেলা পর্যায়ে দোকানপাট, শপিংমল বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। তবে পণ্যবাহী পরিবহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়াও কাঁচাবাজার, অন্যান্য সরকার ঘোষিত কার্যক্রম চলমান থাকবে। এ সব নির্দেশনা মেনে না চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।