নরসিংদীতে কাপড়ের বাজার বাবুরহাট বন্ধ ঘোষণা

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৬

নরসিংদী প্রতিনিধি

বৃহত্তম কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাট বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য গত এপ্রিল মাসের প্রথম দিকে প্রথম দফা বাজারটি লকডাউন ঘোষণা করা হয়েছিল। পরে ব্যবসায়ীদের অনুরোধে গত ২৬ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসন কয়েকটি শর্তসাপেক্ষে লকডাউন শিথিল করে দেয়। কিন্তু নরসিংদীর করোনা পরিস্থিতির অবনতি এবং ব্যবসায়ীদের শর্ত ভঙ্গের কারণে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন রবিবার থেকে শেখেরচর বাবুরহাট বাজারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

করোনা উপসর্গ নিয়ে গত শনিবার রাতে নরসিংদী শহরের বৌয়াকুড়ে বলরাম দাস (৪৫) নামের মারা গেছেন আরো এক জন। এ ঘটনায় পুরো বৌয়াকুড় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় মাধবদীর একই পরিবারের ১৬ জন, শহরের বৌয়াকুড় এলাকায় এক পরিবারের সাত জন এবং পশ্চিম কান্দাপাড়া সেবাসংঘ এলাকায় এক পরিবারের পাঁচ জনসহ নরসিংদী সদর উপজেলায় ৪৩ জন, বেলাব উপজেলায় এক এবং শিবপুর উপজেলায় দুই জনসহ মোট ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৬৭ জনের। এদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২৯২ জন। বিভিন্ন হাসপাতাল ও হোম আইসোলেশনে আছেন ১২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৯ জন। মারা গেছেন চার জন।