দায়িত্ব পালনে কোনো শৈথিল্য বরদাশত করব না :তাপস

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং সততার সঙ্গে সেবার ব্রত নিয়ে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করব না। তিনি বলেন, ‘আমি সিটি করপোরেশনকে একটি দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’ গতকাল রবিবার ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। ফজলে নূর তাপস বলেন, ‘দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করব না। এধরনের কোনো কিছু নজরে আসার সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত বড়ো কর্মকর্তাই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য যদি কাউকে বিদায় দিতে হয় তাতেও পিছুপা হবো না।’

 সভার শুরুতেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলখানায় নিহত জাতীয় চার নেতাসহ ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত এই  সভায় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকও বক্তৃতা করেন। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সরকারের বিধিবদ্ধ সংস্থা হিসেবে সিটি করপোরেশনের কার্যক্রম আইন, নীতিমালা ও বিধিমালা অনুসরণে করা হবে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে এটি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন। এর আগে তিনি সকালে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।