ফরিদপুর-৩: বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগের খন্দকার মোশাররফ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫০

ফরিদপুর-৩ (সদর) আসনে ১৫৩টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দুই লাখ ৭৪ হাজার ৮৭১ ভোট পেয়ে জয়লাভ করেছে।

তার নিকটতম প্রার্থী বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ পেয়েছেন ২১ হাজার সাতশ চার ভোট। 

ফরিদপুর-৩ আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হলেও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ফাঁসিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আলী আহসান মুজাহিদের কারণে ছন্দপতন ঘটে। সেবার ২০ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয় আলী আহসান মুজাহিদকে।

আর আওয়ামী লীগ থেকে যথারীতি নির্বাচন করেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে লড়াই করে। শেষ পর্যন্ত বিএনপির ঘাঁটিতে আঘাত হেনে বিপুল ভোটে জয়ী হন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি নির্বাচিত হয়ে বিপুল উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির ভোট ব্যাংক তছনছ করে দেন। উন্নয়ন কর্মকাণ্ডে শরিক হতে বিএনপির নেতাকর্মীরা যোগদান করেন আওয়ামী লীগের পতাকা তলে। সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে উঠে আওয়ামী লীগ আর দুর্বল হয়ে পড়ে বিএনপি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একক নেতৃত্বের কারণে ফরিদপুর সদর-৩ আসনে বিএনপি বহিুধা ভাগে বিভক্ত হয়ে পড়ে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন পুনরায় সংসদ সদস্য হলে ফরিদপুরবাসীর উন্নয়নে তিনি বৃহৎ ভূমিকা পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জয়লাভ করেন।

আরো পড়ুন: আতশবাজি-পটকা নিষেধ, ঢাবি এলাকায় সন্ধ্যার পর বহিরাগত নয়

ইত্তেফাক/জেডএইচ