ইসরাইলে নিজ বাড়ি থেকে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০২০, ০০:০৯

ইসরাইলে চীনের রাষ্ট্রদূত ডু ওয়েইকে তেলআবিবে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন ইসরাইলি কর্মকর্তা। এই কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তারা সন্দেহজনক কিছু দেখছেন না। গত ফেব্রুয়ারিতে ইসরাইলে চীনের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেন ডু (৫৭)। এর আগে তিনি ইউক্রেনে চীনের দূত ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং তাদের একটি ছেলে আছে। কিন্তু তার পরিবার এখনো ইসরাইলে তার সঙ্গে থাকতে আসেনি। তেল আবিবের উপকণ্ঠ হার্যলিয়াতে তিনি থাকতেন। ইসরাইলি পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এ ধরণের ঘটনায় যেটা সাধারণত করা হয়, সেই নিয়ম অনুযায়ীই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ইসরাইলের চ্যানেল ১২ টিভি অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ডু ঘুমের মধ্যেই মারা গেছেন। -বিবিসি