দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে প্রথম দিনেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।
ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই জনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক করপোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দেওয়ার বিধান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি করপোরেশনে বছরের পর বছর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছিল না রাজস্ব বিভাগের কর্মকর্তাদের দুর্নীতির কারণে। বাজেট অনুযায়ী গত পাঁচ বছরে লক্ষ্য অর্জন করতে পারেনি সংস্থাটি। এছাড়া বরখাস্তকৃত প্রকৌশলীর বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে।
