চিকিত্সকের পর এবার প্লাজমা দিলেন করোনাজয়ী সাংবাদিক

আপডেট : ১৮ মে ২০২০, ০০:৩৮

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হওয়া পরীক্ষামূলক প্লাজমা থেরাপি কার্যক্রমে দুই চিকিত্সকের পর এবার প্ল­াজমা দিলেন করোনাজয়ী এক সাংবাদিক। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক আশিকুর রহমান অপু  গতকাল রবিবার প্ল­াজমা দিয়ে ঢামেক হাসপাতালের এই পরীক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শনিবার এই কার্যক্রমের শুরুতেই দুই জন করোনাজয়ী চিকিত্সকের প্ল­াজমা দেওয়ার মাধ্যমে পরীক্ষামূলক প্ল­াজমা থেরাপির কার্যক্রম শুরু হয়। রক্তের তরল হলুদাভ অংশকে প্লাজমা বা রক্তরস বলা হয়। রক্তের মধ্যে তিন ধরনের কণিকা ছাড়া বাকি অংশই রক্তরস আর রক্তের প্রায় ৫৫ শতাংশই রক্তরস। প্লাজমা  থেরাপিতে শতভাগ সাফল্য আসবে না উল্লেখ করে চিকিত্সকরা বলছেন, যেহেতু কোভিড-১৯-এর  কোনো চিকিত্সা এখনো নেই আর প্ল­াজমা থেরাপির কোনো ক্ষতি নেই তাই পরীক্ষামূলক এটা দিতে সমস্যা নেই।