শায়েস্তাগঞ্জে দোকানপাট ও মার্কেটে স্বাস্থ্য বিধি না মানায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে পণ্য বিক্রি করায় মনিহার বস্ত্রালয়কে ৩ হাজার টাকা, আলী ক্লথ স্টোরকে ২ হাজার টাকা ও মাছ ব্যবসায়ী জানে আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর শায়েস্তাগঞ্জের বিভিন্ন মার্কেটে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনাদের অনুরোধ করছি দোকানপাট বন্ধ রাখেন। এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জে ১৭ জনের নমুনা পরীক্ষায় ল্যাব থেকে ১৭ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনারা কোনো ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করছেন না। আপনাদের কারণে মনে হচ্ছে করোনা আসতে আর দেরি হবে না। যদি দোকানপাট বন্ধ না রাখেন, তাহলে আমি অনেক বড় অঙ্ক জরিমানা করব।
তিনি বলেন, এই মাসে লোকজন এমনিতেই লাখ-লাখ টাকা দান-খয়রাত করে ও জাকাত দেয়। আপনারা ঈদ পর্যন্ত দোকান বন্ধ রাখলে তো আর না খেয়ে থাকবেন না। তাহলে কেন নিজের এবং অন্য মানুষের জীবন ঝুঁকিতে ফেলছেন? দোকানপাট বন্ধ রেখে নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদে রাখুন।
ইত্তেফাক/আরকেজি

