দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, গাড়ির দীর্ঘ সারি

আপডেট : ১৮ মে ২০২০, ১৮:২৬

করোনার ঝুঁকি মাথায় নিয়ে সরকারি নির্দেশ অমান্য করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ঘরমুখো যাত্রীদের পারাপার ঠেকাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের ফেরি সার্ভিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৮ মে) ভোর থেকেই মানিকগঞ্জের পাটুরিয়ার প্রান্তে জরুরি পণ্যবাহী গাড়ি ও ঘরমুখো মানুষের চাপ সৃষ্টি হয়।

এসময় পুলিশ ফেরিতে যাত্রী উঠতে বাধা দিলে যাত্রীরা পাটুরিয়া ঘাটের কয়েকটি স্থানে ভাংচুর করে। এ ঘটনার পর সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ করে দেয়।

হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া দুইঘাটে পারের অপেক্ষায় আটকে পড়ে প্রায় ২ হাজার জরুরি পণ্যবাহী গাড়িসহ কয়েক হাজার যাত্রী।

আরো পড়ুন: নাসিরনগরে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্ রনি ফেরি সার্ভিস বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামনে ঈদকে কেন্দ্র করে পণ্যবাহী গাড়ি ও ঘরমুখো যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার ভোর থেকে ১৪ টি ফেরি চলাচল করে। একসময় পুলিশ পাটুরিয়া প্রান্ত থেকে ফেরিতে যাত্রী ওঠা বন্ধ করে দিলে যাত্রীরা পাটুরিয়ার কয়েকটি স্থান ভাংচুর করে। পরে সকাল সারে ১১ টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।’

ইত্তেফাক/এএএম