বিনোদন রিপোর্ট
‘হর্ষ’, ‘ফুল ফুটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোসনা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’সহ বেশকিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। বিশেষ করে তার গাওয়া প্রথম ফোক গান ‘আমারে দিয়া দিলাম তোমারে’ ও ইলেক্টনিক ড্যান্স মিউজিক (ইডিএম) ঘরানার ‘মৃত জোনাকি’ গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতামহল থেকে বেশ সাড়া পান তিনি। লকউাউনের এই সময়ে ঘরবন্দি মানুষের জন্য ঈদের আগে নতুন গান নিয়ে আসছেন তিনি। এবারের গানের শিরোনাম ‘পোকা’। শারমীন সুলতানা সুমীর কথায় এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি নিয়ে ফুয়াদ বলেন, ‘সংগীত পরিশুদ্ধতার এক অনন্ত যাত্রা। এই যাত্রাপথে আমরা অগণিত স্মরণীয় মুহূর্তের জন্ম দেওয়ার সুযোগ পাই। আমার গল্পে সাব্বির ভাই একটা একটা অনন্য চরিত্র। আমার খুব কাছের এক বন্ধুর মাধ্যমে হঠাত্ করেই ওনার সঙ্গে আমার পরিচয় হয়। সংগীতের প্রতি সাব্বির ভাইয়ের যে সাধনা, সেটি আমার পরিচিত অনেক শিল্পীর চেয়ে অনেক বেশি। সংগীতের মাধ্যমে আত্মার প্রশান্তির এই যাত্রায় ওনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত। আমি তার সাফল্য কামনা করি।’ নতুন গান নিয়ে সংগীতশিল্পী সাব্বির নাসির বলেন, ‘এবারের ঈদ অন্য সব সময়ের মতো না। ঘরবন্দি মানুষের আবেগ-অনুভূতির গল্প থাকছে আমার নতুন এই গানে। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীত এবং সুমীর কথায় গানটিতে কণ্ঠ দিয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি দুজনের প্রতি। সেইসঙ্গে নির্মাতা অংশু ও চিত্রগ্রাহক রাজু সুন্দর একটি মিউজিক ভিডিও দর্শকদের উপহার দেবে বলে আমার বিশ্বাস।’ জানা যায়, ঈদের আগে সাব্বির নাসিরের ফেসবুকে পেজে নতুন এ গানটি প্রকাশ হবে। এর আগে গানচিল ও সাউন্ডটেক থেকে সাব্বির নাসিরের গান প্রকাশিত হয়েছে। এবার গানচিলের পাশাপাশি একটি বেসরকারি টিভি চ্যানেলসহ আরেকটি নামকরা লেবেল প্রতিষ্ঠান গানটি প্রকাশের জন্য আগ্রহ দেখিয়েছে।
