আত্মসমর্পণকারী ৫৭ চরমপন্থী পেল প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট : ১৮ মে ২০২০, ২০:৫৩

আত্মসমর্পণ করা রাজশাহীর ৫৭ জন চরমপন্থীর প্রত্যেককে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সোমবার (১৮মে) রাজশাহী জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেকের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। 

রাজশাহীর ৫৭ জনের চরমপন্থীর মধ্যে বাগমারা উপজেলার ৩৩ জন, পুঠিয়ার ১৬ জন, দুর্গাপুরের পাঁচজন ও মহানগর এলাকার বাসিন্দা তিনজন। এদের মধ্যে একজন মারা যাওয়ায় তার স্ত্রীর হাতে প্রধানমন্ত্রীর অনুদানের ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সন্ত্রাসী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে আসায় মেয়র লিটন তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সরকারের সব দিকে নজর রয়েছে। সরকার আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন।’

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘জন্মের পর সব মানুষ সঠিক পথে থাকবে তার গ্যারান্টি নেই। এতোদিন এই মানুষগুলো অন্ধকার জগতের মানুষ হিসেবে বিবেচিত হতেন। এখন আর কেউ আমাদের জাতীয় আদর্শের বাইরে নন। এখন আর আত্মসমর্পণকারীদের পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সবাই নিজ নিজ জায়গা থেকে উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবেন।’

আরো পড়ুন: কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

অনুষ্ঠানে চরমপন্থী পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম.এল লালপতাকা) রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের প্রচার সম্পাদক (আত্মসমর্পণকারী) আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবু বলেন, ‘সরকারের আহ্বানে আমরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছি। সরকারের কাছে যা চেয়েছি, তার চেয়েও বেশি পেয়েছি। তাই আমাদের কারও আর অন্ধকারে জীবনে ফিরে যাওয়ার প্রয়োজন নেই।’

রাজশাহী জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক জহির উদ্দিন ও জেলা প্রশাসক হামিদুল হক। স্বাগত বক্তব্য দেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল্লাহ।

উল্লেখ্য, গত বছরের ৯ এপ্রিল পাবনায়  ৫৩৯ চরমপন্থীর সঙ্গে রাজশাহীর এই ৫৭ জন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। এরপর তারা সরকারের তরফ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান পান। এবার পেলেন ৫০ হাজার টাকা করে।  

ইত্তেফাক/এএএম