স্পোর্টস রিপোর্টার
টেস্ট তো ২০০৯ সালের পর আর খেলেননি। টি-টোয়েন্টিও ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন ওয়ানডের অধিনায়কত্বও। কিন্তু ওয়ানডে খেলা থেকে অবসর নেননি মাশরাফি বিন মুর্তজা। বলেছেন, তাকে যোগ্য মনে করলে তিনি জাতীয় দলের হয়ে খেলবেন। কিন্তু বোলিং কোচ ওটিস গিবসন বলেছেন, মাশরাফির আর জাতীয় দলে খেলার সম্ভাবনা কম।
গিবসন একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, তারা এখন ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছেন। আর সেখানে মাশরাফির সম্ভাবনা কম, ‘আমি মনে করি মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার অসাধারণ। সে নিজেকে এবং পুরো দেশকে অনেক কিছু দিয়েছে। তবে ২০২৩ বিশ্বকাপ যেহেতু সামনে, যে কোনো কোচই তা নিয়ে ভাবছে এখন। আমি নিশ্চিত রাসেলও (ডোমিঙ্গো) তাই করছে।’
তারা এখন তরুণ বোলারদের নিয়ে ভাবছেন বলেই জানিয়েছেন এই বোলিং কোচ, ‘তাই সে (ডোমিঙ্গো) হয়তো হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম এবং এবাদত হোসেনদের মতো তরুণদের দিকেই বেশি আগ্রহী হবে। আমরা এখনো এবাদতকে সাদা বলের ক্রিকেটে দেখিনি। এছাড়া তাসকিন আহমেদ ও খালেদ আহমেদও সুস্থ হয়ে ফিরেছে। দেশে অনেক তরুণ প্রতিভা রয়েছে।’
