প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের আরো ৬ হাজার ৯৭০টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়ে বলেন, ‘এই টাকা ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে ১৭ মে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ঢাকা বিভাগের ২ হাজার ২০২টি মাদ্রাসার জন্য ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ২১১টি মাদ্রাসার জন্য ১ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদ্রাসার জন্য ১ কোটি ৩১ লাখ টাকা দেওয়া হয়েছে।
পাশাপাশি রংপুর বিভাগের ৮৩৯টি মাদ্রাসার জন্য ৯৪ কোটি ২৫ লাখ, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদ্রাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার, খুলনা বিভাগের ৪৩১টি মাদ্রাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদ্রাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা এবং বরিশাল বিভাগের ২০২টি মাদ্রাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা দেওয়া হয়। প্রেস সচিব বলেন, মাদ্রাসার ছাত্রসংখ্যা ১০০ বা এর কম হলে ১০ হাজার টাকা, শিক্ষার্থীর সংখ্যা ১০১ থেকে ২০০-এর মধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১-এর অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে ১ হাজার ২৫০ কোটি টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করার সময় পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের সব মসজিদ এবং আরো প্রায় ৭ হাজার মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছিলেন। শেখ হাসিনা বলেন, সরকার পবিত্র রমজানের আগেই প্রথম ধাপে ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসায় প্রায় ১০ কোটি টাকা অর্থসাহায্য প্রদান করেছে। তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে ঈদুল ফিতরের আগে আমরা আরো প্রায় ৭ হাজার মাদ্রাসায় অর্থসাহায্য প্রদান করলাম। কোনো শ্রেণির মানুষই যেন অবহেলিত না থাকে, সে জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ঈদের আগেই সরকার সব মসজিদে আর্থিক সহায়তা প্রদান করবে। এ সময় তিনি বলেন, ‘আমরা জানি মসজিদগুলো সামর্থ্যবান লোকদের অনুদান এবং মসজিদ কমিটির সাহায্যে পরিচালিত হয়। কিন্তু আমাদেরও এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। কাজেই সব মসজিদের তালিকা করতে বলা হয়েছে। আমরা সব মসজিদে অর্থসহায়তা দেব।’ প্রধানমন্ত্রী পবিত্র রমজান উপলক্ষ্যে যেসব মাদ্রাসায় প্রায় ১০ কোটি টাকার আর্থিক অনুদান দেন, তার মধ্যে রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগের ৭০৪টি, খুলনা বিভাগের ১০১১টি, বরিশাল বিভাগের ৪০২টি, ময়মনসিংহ বিভাগের ৩৯৭টি, ঢাকা বিভাগের ১৭৮০টি, চট্টগ্রাম বিভাগের ১৪৮১টি এবং সিলেট বিভাগের ৪৮১টি মাদ্রাসা রয়েছে। দেশের কওমি মাদ্রাসার নেতৃবৃন্দ করোনা ভাইরাস পরিস্থিতিতে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই অনুদান প্রদানে তাকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
