শিল্প প্যাকেজের ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ১৪ ব্যাংকের চুক্তি

আপডেট : ১৯ মে ২০২০, ০০:৩০

করোনা ভাইরাসের ক্ষতি মোকাবিলায় বৃহত্ শিল্প ও সেবাখাতের জন্য ৩০ হাজার কোটি টাকার ঋণ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এই প্যাকেজের মধ্যে ১৫ হাজার কোটি টাকা পুনর্অর্থায়ন করবে কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এই তহবিলের অর্থ নিতে ১৪টি ব্যাংক চুক্তি করেছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকে এই চুক্তি অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য প্যাকেজের সঙ্গে বৃহত্ শিল্প ও সেবাখাতের জন্য এই প্যাকেজটি ঘোষণা করেন। বাণিজ্যক ব্যাংকগুলো ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করবেন। এই প্যাকেজের আওতায় শিল্প ও সেবাখাতের উদ্যোক্তারা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। তবে বাকি সাড়ে ৪ শতাংশ সুদ সরকার ভর্তুকি দেবে।

এদিকে অর্থের অভাবে ব্যাংকগুলোর যেন ঋণ বিতরণ বাধাগ্রস্ত না হয় সেজন্য তহবিলের অর্ধেক অর্থাত্ ১৫ হাজার কোটি টাকা জোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ৪ শতাংশ সুদে ৩ বছর মেয়াদে ঋণ নিতে পারবে।

এই তহবিল থেকে ঋণ নিতে গতকাল সোনালী, অগ্রণী, রূপালী, ঢাকা, শাহজালাল ইসলামী, ট্রাস্ট, ইউনিয়ন, সাউথবাংলা, সাউথইস্ট, এনআরবি কমার্শিয়াল, এনআরবি গ্লোবাল, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ওয়ান এবং মার্কেন্টাইল ব্যাংক চুক্তি করেছে।  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুদ বিশ্বাস, অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক সহিদুল ইসলাম ও ব্যাংকগুলোর এমডিরা উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সর্বমোট ৪৪টি ব্যাংকে ও ২১টি আর্থিক প্রতিষ্ঠান এই তহবিল থেকে ঋণ নেবে। অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দুয়েক দিনের মধ্যে চুক্তি করবে।