নতুন করোনা ভাইরাস মহামারির কারণে আটকা পড়া কানাডার আরো ৩৫০ জন নাগরিক ঢাকা ছেড়েছেন। গতকাল সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাই কমিশনের প্রেস বিজপ্তিতে জানানো হয়েছে, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ৩৫০ জনের বেশি কানাডার নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন। ফ্লাইটটি দোহা হয়ে টরেন্টো পৌঁছবে। এটি ছিল বাংলাদেশ থেকে কানাডার নাগরিকদের ফিরিয়ে নিতে চতুর্থ ও সর্বশেষ বিশেষ ফ্লাইট।
এর আগে তিন দফায় কানাডার নাগরিকরা ঢাকা ছেড়েছেন। সব মিলিয়ে ঢাকা থেকে কানাডায় গেলেন দেশটির ১ হাজার ১১০ জনের বেশি নাগরিক। যাত্রীরা নিজের খরচ বহন করেছেন।
