‘আম্ফান’ মোকাবেলায় বরগুনায় ৫০৯ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

আপডেট : ১৯ মে ২০২০, ১৫:৪৯

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় বরগুনায় ৫০৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের নেতৃত্বে এসব আশ্রয়কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবানুনাশক ছিটিয়ে বাসযোগ্য করা হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, বরগুনায় ১৬৮টি সাইক্লোন শেল্টার রয়েছে। তার সঙ্গে স্কুল কাম সাইক্লোন শেল্টার রয়েছে ৩৪১টি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবন, ইউনিয়ন পরিষদ ভবন ও সরকারি অফিস আশ্রয়কেন্দ্রের জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে এসব আশ্রয়কেন্দ্রে লোকজন উঠানো হচ্ছে। আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করবেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।

জেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলা করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশ্রয়কেন্দ্রে গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবী সংগঠনের টিম সার্বক্ষণিক সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষার কাজে নিয়োজিত থাকবেন। জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ ও থানা পুলিশ প্রশাসন, ইউনিয়ন পরিষদ থেকে আবহাওয়া বার্তা প্রচার ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

ইত্তেফাক/আরকেজি