বরিশালে আরো চার পুলিশসহ ৮ জনের করোনা পজিটিভ

আপডেট : ১৯ মে ২০২০, ১৭:৩১

বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় আরো চার পুলিশ সদস্য সহ ৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে এবং সুস্থ হয়েছেন ৩৮জন। মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে জানানো হয়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশ লাইনে কর্মরত এবং বাকি তিনজন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় কর্মরত। এ ছাড়া নগরীর কাজিপাড়া এলাকায়, চাঁদমারি, সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন এবং বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের একজন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরা সকলেই পুরুষ। শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে ঐ ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, আক্রান্ত চার পুলিশ সদস্যর মধ্যে বরিশাল কোতয়ালী মডেল থানার একজন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক এবং একজন উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে কর্মরত কনস্টেবল। এর আগে বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ের ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।

ইত্তেফাক/আরএ