স্পোর্টস রিপোর্টার
অবশেষে স্বস্তি পাচ্ছেন ঢাকায় আটকে পড়া উজবেক ফুটবলাররা। অনেক দেশের ফুটবলাররা নিজ বাড়ি ফিরে যেতে পারলেও উজবেকিস্তানের খেলোয়াড়রা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। অবশেষে তাদের বাড়ি ফেরার সুখবর এসেছে। উজবেকিস্তান সরকার ঢাকা থেকে একটি বিশেষ বিমানে আটকে পড়া ফুটবলারদের বাড়ি ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে। এমন খবরে খুশিতে আটখানা প্রিমিয়ার লিগে খেলতে আসা ফুটবলাররা।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন উজবেকিস্তান থেকে বাফুফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা একটি বিশেষ ফ্লাইটে উজবেক ফুটলারদের ফিরিয়ে নেবে, ‘ঢাকায় উজবেকিস্তান কনস্যুলেট অফিস থেকে একটা চিঠি পাঠিয়ে, তারা তাদের ফুটবলারদের ফিরিয়ে নিতে সহযোগিতা চেয়েছে।’
কবে বাড়ি ফিরবেন সেই অপেক্ষায় ব্যাগ গুছিয়ে প্রস্তুত রয়েছেন উজবেক ফুটবলার ওতাবেক। ব্রাদার্স ইউনিয়নের এই ফুটবলার আড়াই মাস ধরে ক্লাবের টেন্টে প্রায় বন্দি জীবন কাটাচ্ছেন। তার সন্তানসম্ভবা স্ত্রী এবং পাঁচ বছরের পুত্রসন্তান নিয়ে ছাদের ওপরে একটা রুমের মধ্যে কাটাচ্ছেন। অসুস্থ স্ত্রী তিন মাসের সন্তানসম্ভবা। বার বার ডাক্তারের পরামর্শ নিতে হচ্ছে। ওতাবেক পুত্রসন্তানকে দেখভাল করার সঙ্গে সঙ্গে স্ত্রীর সেবা করছেন। পাশেই রান্নাঘর এক হাতে রান্না করছেন শিশুপুত্র, স্ত্রীকে খাওয়াচ্ছেন। সেই সঙ্গে সতীর্থ বিদেশি ফুটবলারদের খাবারও রান্না করে দিয়েছেন।
বিশেষ বিমানে ঘরে ফেরার খবরে ওতাবেকের ক্লান্ত মনটা এখন অনেকটাই চাঙ্গা। কুশলী ফুটবলার ওতাবেক গত মৌসুমে ঢাকায় বিজেএমসিতে খেলার সময় তার সঙ্গে থাকা দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ হন। সন্তান হারিয়েছিলেন তিনি। এবার না সেরকম কিছু হয়, সেই টেনশন ওতাবেকের। ব্রাদার্সেও ম্যানেজার আমের খান জানিয়েছেন যে কোনো সময় ওরা চলে যাবেন। বাফুফে জানায় প্রায় ১০ জন ফুটবলার রয়েছেন যারা এক সঙ্গে বিমান ধরবেন তারা।
