হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে মুশফিক

আপডেট : ১৯ মে ২০২০, ২০:৪৯

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়াচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর মধ্যে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে হাজির হচ্ছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এবার বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেটারদের ঈদুল ফিতরের ঈদ উপহার পাঠিয়েছেন মুশফিক।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের পাশাপাশি মুশফিকের আর্থিক উপহার পাবেন ঘরোয়া পর্যায়ে খেলা প্রতিবন্ধী ক্রিকেটাররাও। করোনার কারণে হুইলচেয়ার ক্রিকেটাররাও খেলার বাইরেই আছেন।

মুশফিকের উপহার পেয়ে খুশি হুইলচেয়ার ক্রিকেটাররা। হুইলচেয়ার দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হুইলচেয়ার দলের হয়ে আমরা যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, মুশফিক ভাই তাদের উপহার দিয়েছেন। জাতীয় টুর্নামেন্ট খেলা বিভাগীয় ক্লাবগুলোর ক্রিকেটারদেরও আমরা এটার আওতায় নিয়ে আসছি। মুশফিক ভাইকে ধন্যবাদ। আমরা এই উপহার পেয়ে খুশি। বিসিবি থেকেও আমরা এরই মধ্যে একবার সহায়তা পেয়েছি।’