ইত্তেফাক রিপোর্ট
বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বিশেষ করে বেসরকারি খাতের ব্যবসা-বাণিজ্য যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কঠিন বাস্তবতা থেকে বাংলাদেশের উত্তরণ এবং বেসরকারিখাতের কর্মচঞ্চল গতিশীলতা পুনরুদ্ধারে করণীয় নির্ধারণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় চারটি বাণিজ্য সংগঠন ও একটি বেসরকারিখাত ভিত্তিক অর্থনৈতিক থিংক ট্যাংকের সমন্বয়ে ‘রিসারজেন্ট বাংলাদেশ’ নামক প্ল্যাটফরম তার কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং পলিসি এক্সচেঞ্জ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ প্ল্যাটফরমটি বেসরকারি খাতে করোনা ভাইরাসের প্রভাব মূল্যায়ন করবে। তাছাড়া কোভিড-১৯ প্রাদুর্ভাব থেকে অর্থনীতির উত্তরণের কৌশল প্রণয়ন করবে। পাশাপাশি জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার কৌশল নিরুপণে সরকারের নিকট সুসংগঠিত তথ্য-উপাত্ত ভিত্তিক এবং অভিযোগ্য সুপারিশমালা প্রেরণ করা, সরকারি প্রয়োজনীয় সহায়ক নীতিমালা প্রণয়নের স্বার্থে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব-ভিত্তিক আলোচনার আয়োজন করাসহ বেসরকারি খাতে গতিশীলতা পুনরুদ্ধার প্রক্রিয়াকে অনুপ্রাণিত করা এবং এ বিষয়ে বাজেট প্রক্রিয়াতে সংশ্লিষ্ট নীতিসহায়তামূলক প্রস্তাবনা পেশ করবে এই প্লাটফরম। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে যে সব ক্ষুদ্র ও একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রাপ্তির লক্ষ্যে সংশ্লিষ্ট মহলে অভিমত তুলে ধরা হবে।
সাতটি সুনির্দিষ্ট অর্থনৈতিক বিষয়ের ওপর যথা :উত্পাদন খাত, সেবা খাত, আন্তর্জাতিক বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), আর্থিক খাত, বেসরকারি বিনিয়োগ এবং কৃষি খাতের ওপর বিশ্লেষণাত্মক নীতিসহায়তা এবং পলিসি ডায়ালগ আয়োজন করবে এই প্ল্যাটফরমটি। স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দরা হলেন—সৈয়দ নাসিম মঞ্জুর, (উপদেষ্টা, লেদার ফুটওয়্যার অ্যান্ড গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন), নিহাদ কবির (সভাপতি-এমসিসিআই), শামস মাহমুদ (সভাপতি-ডিসিসিআই), আবুল কাসেম খান (চেয়ারম্যান-বিল্ড), আসিফ ইব্রাহীম (চেয়ারম্যান-সিএসই) এবং ড. মাশরুর রিয়াজ (চেয়ারম্যান-পলিসি এক্সচেঞ্জ)। পলিসি এক্সচেঞ্জ, এ প্ল্যাটফর্মটির টেকনিকাল সচিবালয় হিসেবে কাজ করবে।
