বগুড়া আদমদীঘি ও নওগাঁর রানীনগর উপজেলাবাসীর দুঃখ বিহিগ্রাম-বগারবাড়ী সড়ক। দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কের আধা কিলোমিটার রাস্তা পাকা হয়নি দীর্ঘদিনেও। বৃষ্টি হলেই ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন দুই উপজেলার প্রায় ২০ গ্রামের বাসিন্দাদের উলটোপথে যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ দুইই অপচয় হয়। দুই উপজেলার এলজিইডি বিভাগ পাঁচ বছর আগে সড়কটি পাকা করার কাজ শুরু করে। রাস্তার আদমদীঘি অংশের কাজ চার বছর আগে শেষ হয়। কিন্তু পদ্মপাড়া থেকে ভাণ্ডার গ্রাম স্কুল-মাঠ পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার কাজ আর শেষ হয়নি। বর্তমানে এ অংশের ইট-সলিং ভেঙে উঠে গেছে। আধা কিলোমিটার ভেঙেচুরে বড়ো বড়ো খানাখন্দক সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যাচ্ছেতাই অবস্থা ধারণ করে। পরিশেষে, অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া
বিহিগ্রাম-বগারবাড়ী সড়কের আধাপাকা অংশের বর্তমান হাল
