মলম, তরল পদার্থ ও ওষুধ জব্দ
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকা থেকে অজ্ঞান ও মলমপার্টি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, সোমবার রাতে মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কালু মিয়া, মিলন হাওলাদার, রিপন মিয়া, আলিয়ার রহমান ও দিদার হোসেন। এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন মলম, তরল পদার্থ ও ওষুধ জব্দ করা হয়। তিনি আরো বলেন, আসাদ গেট এলাকায় র্যাবের একটি টহল দেওয়ার সময় কয়েক জনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক এবং উদ্ধার করা হয় ওষুধ, তরল পদার্থ এবং মলম। অপরাধী চক্রের সদস্যরা তরল জাতীয় এসব মলম সাধারণ পথচারীদের চোখে-মুখে ছিটিয়ে সবকিছু ছিনিয়ে নিতো। আবার ডাব কিংবা অন্য খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিতো। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
