রংপুর ডিসি অফিসের সাবেক নারী কর্মকর্তা খুন, লুটপাট

আপডেট : ১৯ মে ২০২০, ২২:৫৭

রংপুরে ডিসি অফিসের সাবেক এক নারী কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিনু বেওয়া (৬৫) নামে এই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর মুলাটোল হকের গলি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিনু জেলা প্রশাসক কার্যালয়ে অডিট অফিসার ছিলেন। কয়েক বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ বৃদ্ধার স্বামী অনেক আগে মারা গেছেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন পার্শ্ববর্তী এলাকায়। মেয়ের বিয়ের পর থেকে ঐ বাড়িতে দীর্ঘদিন একা বসবাস করছিলেন মিনু। গতকাল সকালে প্রতিদিনের মতো গৃহপরিচারিকা বাড়িতে এসে         দরজা খোলা অবস্থায় ভেতরে ঐ বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে চিত্কার দেন। এ সময় প্রতিবেশীরা এসে মরদেহ  দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহপরিচারিকাকে থানায় নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বলেন,  সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যার পর পালিয়ে যায়। বাড়ির স্টিলের আলমারি ভাঙা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর টাকা-পয়সা লুট করেছে দুর্বৃত্তরা। ঐ বৃদ্ধার পিঠে জখমের চিহ্ন রয়েছে।