মেহেরপুরে নূরুল হক ফাউন্ডেশনের ব্যতিক্রমী সহায়তা কার্যক্রম

আপডেট : ২০ মে ২০২০, ১২:১৪

মেহেরপুরের গাননি উপজেলায় অনেক দরিদ্র শিক্ষার্থীর কাছেই পরিচিত একটি নাম নূরুল হক ফাউন্ডেশন। স্থানীয় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অর্থ ও শিক্ষা সহায়তা প্রদান করে আসছে সংগঠনটি সেই ১৯৯৮ সাল থেকে। সম্প্রতি করোনা দুর্যোগে তারা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামনে এসেছে।

নূরুল হক ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানতে যোগাযোগ করা প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ডা. নাজমুল হক সাগর জানান, ১৯৯৮ সালে আমার বাবা মারা যাবার পর আমরা ভাই-বোনরা মিলে প্রতিষ্ঠা করি। প্রাথমিকভাবে এর কার্যক্রম ছিলো স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষা বৃত্তির পাশাপাশি শিক্ষা উপকরণ বা শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে অর্থ সহায়তা প্রদান করা হয় এই ফাউন্ডেশনের মাধ্যমে।

সম্প্রতি করোনা মহামারী মোকাবেলায় অন্যান্য সামাজিক উন্নয়নমূলক সংগঠনগুলোর মতই এগিয়ে এসেছে নূরুল হক ফাউন্ডেশন। এখন পর্যন্ত ১৫০জন মানুষের কাছে অর্থ সহায়তা প্রদান করেছে ফাউন্ডেশনটি। এ প্রসঙ্গে ডা. নাজমুল হক সাগর বলেন, আমাদের মা নূরজাহান বেগম এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। আমরা ভাই-বোনরা তার সঙ্গে আলোচনা করে এই মহামারী কালে ফাউন্ডেশনের ফান্ড কিছুটা বাড়িয়েছি। আমাদের কাছে মনে হয়েছে, ঈদের সময় এই মানুষগুলো না খেয়ে থাকলে আমাদের কাছে এই টাকা রেখে লাভ কী? আর সে কারণেই আমরা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেই। পণ্য দিতে চাইনি। কারণ এখন পণ্য কিনতে পাওয়া যাচ্ছে না এমন নয়। আর তাদের অন্যান্য প্রয়োজনও থাকতে পারে। সে কারণে ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

কিন্তু ফাউন্ডেশনের এই কার্যক্রম পরিচালনার জন্য ভলান্টিয়ার প্রয়োজন। আর সে কারণেই সহায়তা নেয়া হয় বন্ধন গ্রুপের। এই সংগঠনটি এর আগেও বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে। আর সে কারণেই তাদের সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে ১৫০ জনের কাছে পৌঁছানো হয় অর্থ সহায়তা।

ডা. নাজমুল হক সাগর জানান, আমাদের পরবর্তী সহায়তা কার্যক্রম প্রদান করা হবে প্রতিবন্ধী ও এতিম ২০০ জনকে। এই তালিকাও প্রস্তুত রয়েছে। স্থানীয় বেশ কিছু সংগঠন ও স্বেচ্ছাসেবকদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছি আমরা। এ ছাড়াও ঈদের উপহার হিসেবে আমাদের ফান্ড তৈরি সাপেক্ষে আরো ৪০০ থেকে ৫৫০ জনকে অর্থ সহায়তা দিবো আমরা।

তিনি জানান, আমরা ভাই-বোনেরা নিজেদের আয়ের অর্থ থেকে নূরুল হক ফাউন্ডেশনের জন্য ফান্ড তৈরি করি। এই মহামারীতে সরকার তার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রান্তিক পর্যায়ের অনেকের খোঁজ হয়ত স্থানীয় সরকারের প্রতিনিধিদের কাছে নেই। তাদের খুঁজে বের করে এই সহায়তা প্রদান করছি আমরা।

ইত্তেফাক/আরএ