রাশিয়ার সামরিক বাহিনীর মি-৮ নামের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সকল ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার ফ্লাইট প্রশিক্ষণ চলাকালে মস্কোর অদূরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রুশ সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘জরুরি অবতরণকালে হেলিকপ্টারের ক্রু মারাত্মকভাবে আহত হয় এবং পরে মারা যায়।’
তবে এ দুর্ঘটনায় কত জন ক্রু মারা গেছে তা সুনির্দিষ্ট করে জানাতে অস্বীকৃতি জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ।
এদিকে জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে রাশিয়ার বিভিন্ন বার্তা সংস্থা জানায়, এ হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে।
দেশটির মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি মস্কোর বাইরে ক্লিন শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। এতে কোন বিস্ফোরক ছিল না।
তারা আরো জানায়, এ দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে মন্ত্রণালয়ের একটি কমিশন পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি, মস্কো টাইমস, ইউরো নিউজ।
ইত্তেফাক/এসআর
