বরগুনার বামনা উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানের কারণে আজ বুধবার (২০ মে) সকাল থেকে মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। বিষখালী নদীতে দেখা দিয়েছে উত্তাল তুফান। স্বাভাবিক জোয়ারের চাইতে পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ২-৩ ফুট।
উপজেলার কলাগাছিয়া পূর্ব সফিপুর ও অযোধ্যা গ্রামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয় জনগণ বেড়িবাঁধ নির্মাণ করছে। জনগণের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। উপজেলা প্রশাসনের প্রস্তুত করা ৫৭ টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ২-১ টি আশ্রয় কেন্দ্রে সামান্য সংখ্যক জনগণ আশ্রয় নিয়েছে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক দল লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করেছে।
আরো পড়ুন: করোনা: দেশে শনাক্তের নতুন রেকর্ড, মৃতের সংখ্যা বেড়ে ৩৮৬
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদুজ্জামান জানান, পুলিশ বাহিনীকে ৫ টিমে ভাগ করে দিয়ে তীরবর্তী সকল মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা জানান, অল্প সময়ের মধ্যেই নদীর তীরবর্তী সকল মানুষকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হব।
ইত্তেফাক/এএএম

