স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য এফআইসিসিআই’র ১১ হাজার পিপিই প্রদান

আপডেট : ২০ মে ২০২০, ২০:৩৩

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যসেবা অধিদফতরের ডিরেক্টর জেনারেলের (ডিজিএইচএস) কাছে ১১ হাজার উচ্চমানের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

সংগঠনটির সভাপতি মিসেস রূপালী হক চৌধুরী স্বাস্থ্যসেবা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার কাছে এসব পিপিই হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, এফআইসিসিআইয়ের ইসি সদস্য শ্রীমতি শ্বেপা ভৌমিক এবং নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির প্রমুখ।

এর মধ্যে এক হাজার পিপিই মেডিক্যাল গ্রেডের বিশেষীকরণ করে তৈরি করা এবং ১০ হাজার হাসপাতালের ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য যেমন- ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট হাসপাতালের কর্মীদের জন্য। যারা করোন ভাইরাস রোগীদের চিকিৎসা সেবা প্রসারিত করছেন।

রূপালী চৌধুরী এফআইসিসিআইয়ের সকল সদস্য ও বহুজাতিক সংস্থাগুলি অপারেটরদের বাংলাদেশের প্রতি তাদের যে প্রতিশ্রুতি তার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা বিশ্বাস করি এই চ্যালেঞ্জিং মহামারি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্যসেবা অধিদফতর সংশ্লিষ্ট সকল পেশাদার চিকিৎসা সেবকদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

পিপিই প্রস্তুত ও হস্তান্তরের প্রক্রিয়াটি সহজ করার জন্য তিনি ডিজিএইচএস, ওষুধ প্রশাসন এবং এনবিআরের কাস্টম বন্ড হাউসসহ সকল অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওষুধ প্রশাসনের নির্দেশনায় স্থানীয়ভাবে এই উচ্চমানের পিপিই তৈরিতে সহায়তা ও নির্বিঘ্নে সরবরাহের জন্য তিনি ইয়ংওয়ান্স বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এফআইসিসিআইয়ের সদস্যরা কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে এই সংকট কাটিয়ে উঠতে সরকারকে, বিভিন্ন সংগঠন ও উন্নয়ন সংস্থা সমূহকে সহায়তা করে আসছে।

ইত্তেফাক/এএএম