রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীতে গরিব ও দুস্থ মানুষের জন্য ‘সম্প্রীতির বাজার’ চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার সকালে নরসিংদীর রায়পুরা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় অসহায় দুস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে সহায়তার জন্য ‘সম্প্রীতির বাজার’ নামে একটি বাজার অনুষ্ঠিত হয়েছে। এই বাজারের মাধ্যমে রায়পুরা এবং বেলাবো উপজেলার ১০০০ অসহায় দুস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে সাহায্য প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দুস্থদের খাদ্য সহায়তার পাশাপাশি প্রান্তিক সবজি চাষিদের নিকট থেকে বিপুল পরিমাণ সবজি ন্যায্যমূল্যে ক্রয় করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
