ওয়াসিমের হূদয়ে বাংলাদেশ

আপডেট : ২০ মে ২০২০, ২১:৫৪

 ‘ধারাভাষ্য দিতে জন্য অনেকবার বাংলাদেশে গিয়েছি। আমার অনেক বন্ধু আছে বাংলাদেশের। সবকিছু আমি খুব মিস করি। বাংলাদেশ আমার হূদয়ের খুব কাছে আছে। মানুষ, খাবার, দেশ এবং ক্রিকেট আমাকে টানে খুব।’

g স্পোর্টস রিপোর্টার

ক্রিকেট দুনিয়ায় ওয়াসিম আকরাম তখন সুপার স্টার। বোলিং দিয়ে বিশ্ব শাসন করছিলেন এই কিংবদন্তি বাঁহাতি পেসার। ১৯৯২ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতার বছর তিনেক (১৯৯৫) পরেই আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে এসেছিলেন ওয়াসিম। বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী, সাবেক আইসিসি ও বিসিবি সভাপতি আ হ ম মুস্তাফা কামালের আমন্ত্রণে আবাহনীতে খেলেন তিনি।

গত মঙ্গলবার রাতে তামিম ইকবালের সঙ্গে লাইভ অনুষ্ঠানে সেই সময়ের স্মৃতিচারণ করেছেন ওয়াসিম। সুইং অব সুলতান বলেছেন, তার হূদয়ের খুব কাছে বাংলাদেশের অবস্থান।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে গর্বিত ওয়াসিম। তার হূদয়ে বাংলাদেশ সব সময় খুব বিশেষ জায়গায় রয়েছে। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেছেন, ‘ধারাভাষ্য দিতে অনেকবার বাংলাদেশে গিয়েছি। আমার অনেক বন্ধু আছে বাংলাদেশের। সবকিছু আমি খুব মিস করি। বাংলাদেশ আমার হূদয়ের খুব কাছে আছে। মানুষ, খাবার, দেশ এবং ক্রিকেট আমাকে টানে খুব।’

বাংলাদেশের মাছের ঝোল খুব মিস করেন জানিয়ে ৫৯ বছর বয়সি এই পাক ক্রিকেটার বলেছেন, ‘আমি বাংলাদেশের ঝোল মিস করি। মাছের ঝোল।’

অত বড়ো তারকা হওয়ার পরও ১৯৯৫ সালে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলার কারণ সম্পর্কে ওয়াসিম বলেছিলেন, ‘আমার কথা বিশ্বাস কর, বা নাই কর, আর্থিকভাবে লাভবান হওয়া অন্য বিষয়। আমার মনে আছে, কামাল ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আমার সঙ্গে তর্ক বাধিয়ে দিয়ে বলেছিলেন, তোমাকে অবশ্যই মোহামেডানের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে হবে। পাকিস্তানেও আমরা ফুটবল অথবা ক্রিকেটের কোনো ক্লাবকে তোমাদের দেশের মতো এতো আবেগপ্রবণ দেখিনি।’

নিজ দেশের ক্রিকেটারদের কাছে বাংলাদেশের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দর্শকপ্রিয় ক্লাব ক্রিকেটের কথা শুনেছিলেন ওয়াসিম। তাতেই ঢাকার ক্লাব ক্রিকেটে খেলার আগ্রহ পেয়েছিলেন তিনি।

পেশাদার ক্রিকেট ছেড়েছেন অনেক বছর হয়। এখন ক্রিকেট খেললে তামিম-সাকিবের বিরুদ্ধে বল করতে চাইতেন জানিয়ে ওয়াসিম বলেছেন, ‘লড়াইটা খুব জমজমাট হতো, বিশেষ করে তোমার (তামিম) আর সাকিবের বিপক্ষে। তোমরা দুজনই বাঁহাতি।’ তামিম অবশ্য ওয়াসিমকে খেলার দুর্ভাগ্যে পড়তে রাজি নন।