মুন্সীগঞ্জে বাজারে হামলায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ মে ২০২০, ২২:১৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজারে প্রতিপক্ষের মামলায় ব্যবসায়ী মনির হোসেন মাঝি (৩৮) নিহত হয়েছেন। মনির মাঝি বাজারটির কসমেটিকসের মালিক। বুধবার সকালে দোকানে বেচাবিক্রির সময় আকস্মিক সাত/আট জন এসে হামলা চালায়। দোকানের ভেতর থেকে মনিরকে টেনেহিঁচড়ে বাইরে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।

টঙ্গিবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সদর উপজেলার মহশেপুর গ্রামের অটোচালক রাজু মিয়ার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। তিনি জানান, মঙ্গলবার দোকানদারি করে রাজুর অটোতে করে মনির বাড়ি যাচ্ছিলেন। এই সময় অটোটি একটি সাইকেলকে ধাক্কা দেয়। এই নিয়ে সাইকেল আরোহীর সঙ্গে রাজুর কথা-কাটাকাটির সময় মনির সাইকেল আরোহীর পক্ষ নেয়। এই সময় রাজুর সঙ্গে মনিরের বেশ কথা-কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এর জের ধরেই সকালে দোকান খোলার পরই রাজু লোকজন নিয়ে মনিরের দোকানে হামলা চালায়।

মনির হোসেন মাঝি পাশের মাকহাটি গ্রামের মৃত অপিজ উদ্দিনের পুত্র। এই ঘটনার পর  বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।