ঘর থেকে বেরিয়ে পথে আটকা পড়ার ঝুঁকি নেবেন না : কাদের

আপডেট : ২০ মে ২০২০, ২৩:০৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ঈদে গ্রামমুখী না হয়ে সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ঘর থেকে বের হয়ে পথে আটকে পড়ার ঝুঁকি নেবেন না। তখন এদিক-ওদিক দুই দিকই হারাতে হবে এবং ভোগান্তিতে পড়তে হবে। কাজেই এ সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন। নিজেদের সুরক্ষিত রাখুন। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর অবস্থানে যেতে হবে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে অনলাইনে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বারবার অনুরোধ করা সত্ত্বেও যারা দলে দলে গ্রামমুখী হচ্ছেন, নানা কৌশলে স্থানান্তরের চেষ্টা       করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই—সরকার স্থানান্তর বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা আবারও অনুরোধ করছি-আপনারা নিজ নিজ অবস্থানে থাকুন।’ বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি বৈশ্বিক সংকটকে পুঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে। শেখ হাসিনার সরকার যখন সবাইকে নিয়ে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন বিএনপি প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পায় না।’ তিনি আরো বলেন, ‘জনগণ জানতে চায়- কথামালার চাতুরি আর প্রেস ব্রিফিং ছাড়া বিএনপি কী করতে পেরেছে? চৌকস কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কী দিতে পেরেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষণে ক্ষণে বিদেশের কথা বলেন, অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপি কী করেছে জাতি তা জানতে চায়। বরাবরের মতো বিএনপি তাদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অকার্যকর হাতিয়ার ব্যবহার করছে।’

ত্রাণ কার্যক্রমসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে এরই মধ্যে প্রশাসনিক, দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ তারই সুস্পষ্ট প্রমাণ বহন করে। দলীয় পরিচয় কাউকে রক্ষা করতে পারেনি। এ বিষয়ে শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন।’ ওবায়দুল কাদের বলেন,‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের অনেক শিল্পকারখানার মালিকরা শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করেননি। শ্রমিকদের মাঝে বিক্ষোভ ও অস্থিরতা বিরাজ করছে। প্রতিদিনই শ্রমিকরা রাস্তায় নেমে আসছে। যা এই সংকটকালে অনাকাঙ্ক্ষিত। আমি গার্মেন্টসসহ অন্য কারখানার মালিকদের অনুরোধ করছি—যারা এখনো বেতনভাতা পরিশোধ করেননি, অবিলম্বে তা পরিশোধ করুন।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের চেয়ে সংক্রমণ ও মৃত্যুতে অনেক বেশি ভয়াবহ অবস্থানে। উন্নত বিশ্বের দেশগুলোতে হাজার হাজার মানুষ মারা গেছে। আমি জানতে চাই—পৃথিবীর কোন্ দেশের সরকার এই মৃত্যুর মিছিল ঠেকাতে পারছে? খোদ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। যুক্তরাজ্যে ৪০ হাজার ছাড়িয়েছে। অর্থনৈতিক বাস্তবতায় দেশগুলো আজ লকডাউন শিথিল করতে বাধ্য হচ্ছে।’