বাঁধার মুখে মহাখালীতে করোনা হাসপাতাল স্থাপন বন্ধ

আপডেট : ২০ মে ২০২০, ২৩:৩১

দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় কিছু বেসরকারি হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষা এবং চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার। সেই আলোকে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের অনুমোদন প্রাপ্ত হয়ে কভিড-১৯ এর চিকিৎসার জন্য হাসপাতাল প্রস্তুত করে। কিন্তু এক গার্মেন্টস মালিক ও শ্রমিকদের বাধায় তা বন্ধ হয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে বেসরকারি ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল মূল হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে আইসিডিডিআরবি এর বিপরীতে হাজী শাহাবুদ্দিন ম্যানশনের নিজস্ব নার্সিং কলেজ ভবনে আই.সি.ইউ ও বেডসাইড ডায়ালাইসিস সুবিধা সহ ১৫০ শয্যার একটি স্বয়ং সম্পূর্ণ করোনা ভাইরাস হাসপাতাল প্রস্তুত করে। এরপর এম ইউ ফ্যাশন ও ক্রিস্টাল এ্যাপারেলস নামের দুটি গার্মেন্টস কারখানার মালিক ও শ্রমিকরা আন্দোলন করে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমের কাছে বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের মানব সেবার এই উদ্যোগকে সকলেই যেখানে স্বাগত জানাচ্ছে সেখানে কোভিড-১৯ ইউনিট স্থাপনের শেষে তাদের এ ধরনের নেতিবাচক অপতৎপরতার ফলে আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছি।

প্রসঙ্গত, আট তলা বিশিষ্ট ভবনটির ছয়টি ফ্লোরে কোভিড-১৯ ইউনিট স্থাপিত হয়েছে। মাত্র ২টি ফ্লোরে গার্মেন্টস কারখানা রয়েছে যারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের লাল তালিকাভূক্ত প্রতিষ্ঠান ঘোষিত হয়ে উক্ত ভবনে অবৈধভাবে অবস্থান করছে বলে জানা গেছে। শ্রম অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সর্বশেষ গত ডিসেম্বরের মধ্যে উক্ত ফ্লোর হতে কারখানা অপসারণের কথা থাকলে তারা আজ পর্যন্ত অবৈধভাবে সেখান অবস্থান করছে।

ইত্তেফাক/এসআই