ঈদের আগে বেতন বোনাস পরিশোধের আহ্বান বিআইএর

আপডেট : ২১ মে ২০২০, ০০:২০

পবিত্র ঈদুল ফিতরের আগেই বীমা কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) । দেশের সব জীবন ও সাধারণ বিমা কোম্পানিকে চিঠি দিয়ে এ আহ্বান জানানো হয়েছে। বিমা মালিকদের সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তৃতি মোকাবিলার অংশ হিসেবে সরকার গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সব সরকারি বেসরকারি দফতরের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সব লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানি বন্ধ রয়েছে। মহামারি করোনার কারণে গত দুই মাস ধরে কোম্পানিগুলো কোনো কাজ করতে পারছে না। এমনকি নবায়ন প্রিমিয়ামও সংগ্রহ করতে পারছে না। ‘তার পরও অনেক কোম্পানি তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ইতিমধ্যে পরিশোধ করেছে। যেসব কোম্পানি এখনো বেতন-বোনাস প্রদান করেনি তাদের পবিত্র ঈদুল ফিতরের আগে সব কর্মচারীকে সাধ্যানুযায়ী বেতন প্রদান করাটাও দায়িত্বের মধ্যে পড়ে। চিঠিতে আরো উল্লেখ করা হয় যে, ‘বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোম্পানিগুলোর আর্থিক প্রণোদনা প্রদানের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নিকট আবেদন পাঠানো হয়েছে।