বরিশালে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বেশ কিছু কাঁচা ঘর-বাড়ি, গাছ-পালা, ফসল, বিদ্যুৎ, রাস্তা ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান থাকায় সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ঘূর্ণিঝড়ে কয়েকটি স্থানে বিদ্যুতের পোষ্ট ভেঙ্গে যাওয়ায় কয়েক ঘণ্টা সংযোগ বিচ্ছিন্ন ছিলো। তবে সকাল ৯টার পর থেকে বেশ কিছু স্থানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।
বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গাছ চাপা পরে দু’জন, নৌকা ডুবিতে দু’জন এবং দেয়াল চাপা পড়ে একজন মারা যায়।
তিনি জানান, বিভাগে ১৫ লাখ ৪৯ হাজার ৩ জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলো। এছাড়া ৩ লাখ ৩০ হাজার ৮৪টি গবাদি পশু আশ্রয় নেয়।
ইত্তেফাক/এমআরএম
