‘মনে হলো প্রথমবারের মতো স্কুলে যাচ্ছি’

আপডেট : ২১ মে ২০২০, ২১:০৩

ক্লপের অনুশীলনে

ফেরার অনুভূতি

 স্পোর্টস ডেস্ক

গত বুধবার দীর্ঘ দুই মাসের করোনাসৃষ্ট বিরতি শেষে অনুশীলনে ফিরেছে লিভারপুল। কোচ য়ুর্গেন ক্লপ জানালেন, দীর্ঘ বিরতির পর অনুশীলনে ফেরাটাকে তার মনে হয়েছিল জীবনে প্রথমবার স্কুলে পা রাখার মতোই ব্যাপার!

দীর্ঘ দুই মাস পর অনুশীলনে ফিরে ক্লপের প্রতিক্রিয়া, ‘যে কোনো দিনের চেয়ে তাড়াতাড়িই ঘুম থেকে উঠে গিয়েছিলাম আজ, তারপর মনে হলো আজই আমার প্রথম দিন। ৪৬ বছর আগে যখন প্রথমবারের মতো স্কুলে গিয়েছিলাম, সে অনুভূতির মতো মনে হলো।’

বিরতি শেষ হতে কমপক্ষে আরো এক মাস সময় বাকি। তবে ক্লপ এই সময়কে পরবর্তী মৌসুমের প্রস্তুতির সময় হিসেবেই দেখতে চাইলেন। বললেন, ‘আমরা জানি না আমাদের হাতে কয় দিন সময় আছে। তবে একে আমাদের চলতি মৌসুম আর পরবর্তী মৌসুমের প্রস্তুতির সময় হিসেবে দেখতে হবে। কারণ আমার মনে হয় না দুটো মৌসুমের মধ্যে খুব বড়ো বিরতি থাকবে। আর তাই এটা আমাদের কাছে প্রাক-মৌসুমের মতো। আমরা জানি না এটা কত বড়ো। আর আমাদের পরীক্ষামূলক ম্যাচ কিংবা প্রস্তুতি নেওয়ারও সময় থাকবে না!’

খেলোয়াড়দের সুরক্ষা প্রটোকলের প্রশংসা করে ক্লপ জানালেন জায়গাটাকে বেশ নিরাপদই লাগছে তার কাছে। শিগিগরই সুসংবাদের আশাবাদও ব্যক্ত করেন লিভারপুল কোচ, ‘তারপর আমরা সবাই আশা করি ভালো খবরটা পাব। কারণ তার মানে দাঁড়াবে, দেশ আর লিগের করোনামুক্ত হওয়ার পন্থাটা ঠিকই ছিল।’

বুধবার থেকে শুরু হওয়া অনুশীলনের প্রতি সেশনে সর্বোচ্চ অনুশীলন করতে পারবেন অনূর্ধ্ব পাঁচ জন খেলোয়াড়। আর প্রতিটা সেশনের দৈর্ঘ্য কোনোভাবেই ৭৫ মিনিটের বেশি হওয়া চলবে না। আর সামাজিক দূরত্বের নীতি তো থাকছেই! এদিকে খেলোয়াড়দের অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিতান্তই তাদের ব্যক্তিগত, জানালেন ক্লপ। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে এটা খেলোয়াড়দের সিদ্ধান্ত। আমি মৌসুমের আগেই বলেছি, এখানে আপনি মুক্ত ইচ্ছাবলে এসেছেন। সাধারণত চুক্তি স্বাক্ষরের পর যখন আমি বলি তখনই হাজির থাকতে হয়। কিন্তু যদি নিরাপদ বোধ না করেন, তাহলে এখানে আসতে হবে না আপনাকে। কোনো বাধ্যবাধকতা নেই, এটা তাদের সিদ্ধান্ত এবং আমরা একে শতভাগ সম্মান দিচ্ছি।’