স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের প্রবল প্রকোপ এড়িয়ে বিভিন্ন জায়গায় ক্রিকেট ফিরি ফিরি করছে। এই অবস্থায় একটা বড়ো দুশ্চিন্তা হয়েছে, খেলার মাঠে সংক্রমণ না হয়। আর সে সংক্রমণ ছড়াতে পারে খেলোয়াড়দের লালা। আইসিসি এরই মধ্যে বলেছে, বলকে উজ্জ্বল করার জন্য আর লালা ব্যবহার করা যাবে না। সেটা করলে সংক্রমণ ছড়াতে পারে। অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি এই সুপারিশ করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির এমন প্রস্তাব মানতে পারছেন না ১০৩ টেস্টে ৫০.৭৩ গড়ে ৮ হাজার ৬২৫ রান করা হেইডেন। টাইমস অব ইন্ডিয়াকে মঙ্গলবার দেওয়া সাক্ষাত্কারে এ ব্যাপারে নিজের মত তুলে ধরেন ৪৮ বছর বয়সি সাবেক ওপেনার, ‘আইসিসির ‘লালায় না-ঘামে হ্যাঁ’ সিদ্ধান্ত আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। এগুলো ক্রিকেটের অবিচ্ছেদ্য বিষয় এবং আমি বুঝতে পারছি না, কীভাবে এগুলোর পরিবর্তন হবে। সবচেয়ে ভালো উপায় হলো, খেলোয়াড়দের সঠিকভাবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে তারা কোভিড-১৯ নেগেটিভ। ’
