তারেক আখন্দ। টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন। এবার ঈদে চ্যানেলটির বিভিন্ন পরিকল্পনা ও করোনার এই পরিস্থিতিতে চ্যানেলগুলোর পদক্ষেপ প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
এবার স্বাভাবিকভাবে বিগত সময়ের মতো চ্যানেলগুলোতে ঈদ আয়োজন হবে না। তবুও চ্যানেলগুলো ৭-৮ দিনের আয়োজন রাখছে। বাংলাভিশনের প্রসঙ্গে জানতে চাই—
৮ দিনব্যাপী ঈদ আয়োজন করছে বাংলাভিশন। এরমধ্যে ৩৫টি একক নাটক রয়েছে ও ৩টি বিশেষ ধারাবাহিক থাকবে। এছাড়াও জনপ্রিয় সিনেমাগুলো প্রচার হবে। আর একটি বিষয়, বাংলাভিশনের ঈদ আয়োজনে কোনো পুরনো নাটক থাকবে না। গত ৩-৪ মাসে ঈদের জন্য নির্মিত নাটকগুলোই প্রচার হবে।
দর্শকরা আরও জাঁকজমক ঈদ আয়োজন দেখে অভ্যস্ত। এবারের আয়োজন তাদের চাহিদা পূরণ করতে পারবে মনে করেন?
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সবাই অবগত। এই অবস্থায় আমাদের চেষ্টার কমতি ছিল না। শুধু অনুষ্ঠান ছাড়া আমাদের সব আয়োজনই রয়েছে।
করোনার এই পরিস্থিতি কবে ঠিক হবে সেটি অনিশ্চিত। এমন চলতে থাকলে চ্যানেলের কন্টেন্ট পরিকল্পনার কী হবে?
আসলে কবে সব ঠিক হবে আমরা কেউ জানি না। আমরা অল্প দিনের পরিকল্পনা করে এগুচ্ছি। এখন ঈদের পরিকল্পনা বাস্তবায়ন করবো। এরপর আবারও ১৫ দিন বা এক মাসের জন্য নতুন করে আবারও কিছু পরিকল্পনা নিয়ে এগুবো।
