বাংলাদেশের সংবিধান প্রণয়নে গঠিত খসড়া কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলাম নীরবেই চলে গেলেন। ১৮ মে কক্সবাজারে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। তিনি গণফোরামের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন দীর্ঘদিন।
অ্যাডভোকেট জহিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার এক শোকবার্তায় ড. কামাল বলেন, ‘এক জন রাজনৈতিক এবং আইনজীবীদের নেতা হিসেবে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানের খসড়া কমিটির অন্যতম সদস্য ছিলেন। স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি গণতন্ত্রের আন্দোলনে, আইনজীবীদের এবং বিচারবিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি জাতীয়ভাবে ব্যাপক সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে আমরা কেবল এক জন গণতান্ত্রিক যোদ্ধাকে হারাইনি, পাশাপাশি সত্যিকারের আইন ও ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এক জনকে হারিয়েছি। তার মৃত্যুতে আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
