স্পোর্টস রিপোর্টার
নিজেই উপস্থাপক হয়ে জমজমাট এক গাদা লাইভ শো করলেন তামিম ইকবাল। আবার অতিথি হয়েও ছিলেন রমিজ রাজার অনুষ্ঠানে। সেখানেই রমিজ রাজা বলেছেন, তামিম ইকবালের ব্যাটিং পাকিস্তানি কিংবদন্তি সাঈদ আনোয়ারের মতো।
রমিজ তামিমকে বলছিলেন, ‘তোমার ব্যাটিংয়ে সাঈদ আনোয়ারের ধাঁচ আছে। তোমার ব্যাটিং আমাকে তার কথা মনে করিয়ে দেয়। আমি তার সঙ্গে অনেক খেলেছি। সেও একজন প্রকৃতিপ্রদত্ত ব্যাটসম্যান ছিল তোমার মতো।’
এর উত্তরে মৃদু হেসে তামিম বলেন, ‘আমি এমন মনে করি না। সাঈদ আনোয়ার অন্য উচ্চতার ব্যাটসম্যান ছিলেন।’
এ সময় উপমহাদেশের ব্যাটসম্যানদের শর্ট বল খেলা নিয়েও কথা বলেন তামিম। লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার পরামর্শে সফল হয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। তামিম বলেন, ‘আমাদের কন্ডিশনে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো বল এত বাউন্স করে না। ৭-৮ বছর আগে আমি কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলেছিলাম। সাঙ্গাকারা বলেছিলেন, শর্ট বল খেলার ভালো উপায় হলো শরীরকে সামনে রাখা। শরীর সামনে রেখে তুমি শর্ট বল ভালো খেলতে পারবে। তাহলে তুমি শর্ট বলের বিপক্ষে টিকে থাকতে পারবে। বল ঠেকাতে পারবে অথবা হুক বা পুল শর্ট খেলতে পারবে।’
